ছবি : লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাস।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাসকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে আদেশ দেওয়া হয়েছে। ২৪ মার্চ কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রিতা চক্রবর্তী স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাসকে প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিধি মোতাবেক অন্য সিনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করা হলো। সিনিয়র শিক্ষকদের মাঝে দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগ আছে এমন কাউকে উক্ত পদে দায়িত্ব প্রদান না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়।
লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও অনলাইন পত্রিকায় ৬ মার্চ ও ২৩ মার্চ দুটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ লাকসামের সর্বমহলে ব্যাপক আলোচিত ছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়াও ওই স্কুলের বেশ কয়েকজন শিক্ষক, অফিস সহায়ক ও অফিস পিয়নের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অনিয়ম-দুনীতির অভিযোগ রয়েছে যাহা অনুসন্ধান চলমান রয়েছে।
১২ বছর যাবত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকা এই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট একটি প্রতিবেদন দিয়েছেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মোঃ কাউছার হামিদ। ১২ মার্চ স্বাক্ষরিত ৭ পাতা সংযুক্তির ওই প্রতিবেদনে বলা হয়েছে, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাসের বিরুদ্ধে দুর্নীতি, আসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের ব্যাপক অভিযোগ রয়েছে। উক্ত স্কুলে সার্বিক বিষয়ে যথাযথ ভাবে কাজ সম্পন্ন করার চেষ্টা করলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অসহযোগিতা ও অদক্ষতার কারণে উক্ত স্কুলে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খেতে হচ্ছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য শিক্ষকদের মাঝে বিভিন্ন দল উপ-দলে বিভক্ত করে রেখেছেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শিক্ষকদের মিটিংয়ে কয়েকজন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে অভিভাবক, শিক্ষার্থী ও অন্যান্যদের সাথে উক্ত রসরাজ দাস খারাপ আচরণ করার কথাও বলা হয়েছে ওই পত্রে।
স্কুল নিরীক্ষার জন্য ১৩ ফেব্রুয়ারি একটি অডিট কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার। কিন্তু ওই কমিটিকে সহযোগিতা না করায় অডিট করতে পারেনি উক্ত কমিটি। অডিট কমিটিকে সহযোগিতা না করা শৃঙ্খলা ভঙ্গ ও আসদাচরণের শামিল বলা হয়েছে পত্রে।
এছাড়াও এডহক কমিটির অভিভাবক সদস্যদের অভিযোগসহ ব্যাপক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি স্কুলের পিঠা উৎসব, রুটিন প্রণয়ন, বাৎসরিক ক্যালেন্ডার ও ডায়েরী ছাপাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম অবলোকন করেছেন ইউএনও কাউছার হামিদ। রসরাজ দাস একপাক্ষিক অবস্থান গ্রহণ ও শিক্ষকদের মাঝে বিভাজন সৃষ্টি করায় তার বিরুদ্ধে শিক্ষার্থী, অভিভাবক, সিভিল সোসাইটি, সাংবাদিক এবং অন্যান্য সাধারণ নাগরিকগণ অবস্থান নিয়েছে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ অন্য কাউকে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান অথবা নিয়মিত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে মত প্রকাশ করেছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
ওই পত্রের আলোকে গত ২৪শে মার্চ কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রিতা চক্রবর্তী স্বাক্ষরিত লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাসকে অব্যাহতি দিয়ে বিধি মোতাবেক অন্য সিনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ার জন্য লাকসাম উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে আদেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ বলেন, বোর্ডের প্রেরিত চিঠি পেয়েছি। অফিস খুললে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply