নিহত হেলাল মজুমদার। ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলায় কুস্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে হেলাল মজুমদার (৩৮) নামে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর মাদরাসা সংলগ্ন মাঠে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত হেলাল মজুমদার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর স্থানীয় কোঁয়ার বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন এবং এলাকায় একজন দক্ষ ফুটবলার হিসেবেও পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আয়োজিত গ্রাম্য কুস্তি খেলায় অংশ নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খেলোয়াড় হেলাল উদ্দিনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই আরিফ মজুমদার। তিনি জানান, হেলাল উদ্দিন মজুমদার কোঁয়ার বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। তিনি ফুটবলার ও সাবেক সেনাসদস্য। খেলার সময় আকস্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) মারা যান।
লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, মোহনপুরে কুস্তি খেলার সময় হেলাল মজুমদার নামে একজন মারা গেছেন শুনেছি। তিনি অসুস্থ হবার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেন নি।

Leave a Reply