1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

দখল দূষণে অস্তিত্ব বিলীন : ডাকাতিয়া নদী যেন সরু খাল

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০৮ জন পড়েছেন

দখল দূষণে সরুখালে পরিনত হয়ে হয়েছে ডাকাতিয়া নদী। ছবিটি লাকসাম অংশ থেকে তোলা।

মোজাম্মেল হক আলম, লাকসাম :
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত একসময়ের খর¯্রােতা ডাকাতিয়া নদী এখন পানিশূন্য। নদীর বুক রূপ নিয়েছে বালুচরে। আগে নদীটি ছিল এ অঞ্চলের প্রধান যাতায়াতের মাধ্যম। সে সময় ডাকাতিয়া ছিল পূর্ণ যৌবনা। ঢেউয়ের তালে তালে দুলত নদী, চলত অসংখ্য পালতোলা নৌকা, লঞ্চ ও মালবাহী ট্রলারের ছিলো একমাত্র রুট। শুষ্ক মৌসুমে কৃষকরা ফসল আবাদের সময় এ নদী থেকে পেত পর্যাপ্ত পানি। ছিল দেশীয় মাছের প্রাচুর্য। ডাকাতিয়া নদী ছিল এ অঞ্চলের বহু মানুষের জীবিকার প্রধান উৎস। খনন না করায় নদীটি এখন নব্যতা হারিয়ে ও পানি শূন্য হয়ে বালুচরে রূপ নিয়েছে। এতে ক্ষতির শিকার হচ্ছে হাজার হাজার কৃষক। নদীর পানি সেচকাজে ব্যবহার করতে না পারায় ফসল উৎপাদনে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে চাষিদের। ডাকাতিয়া নদী এক সময় দক্ষিণ কুমিল্লাসহ চাঁদপুরের বেশ কয়েকটি উপজেলার মানুষের কাছে আশীর্বাদ ছিল। বর্তমানে নদীটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
এক সময়ে নদীর সৌন্দর্য দেখতে গ্রামে ছুটে আসতেন যান্ত্রিক শহরে থাকা মানুষগুলো। তারা মনের আনন্দে ছুটে যেতো ডাকাতিয়ার পানে। দলবেঁধে অনেকে নৌকাযোগে ছুটে যেতেন দূর-দূরান্তে। অনেকে নদীর বুকেই করতেন বনভোজনের আয়োজন। রাতের বেলায় শীতল বাতাস ডাকাতিয়ার গর্জন পথচারীদের উদ্বেলিত করে তুলতো। সম্ভাবনা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য বিলাসী ডাকাতিয়া নদী এখন পুরাই মরাখাল।
লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ঘুরে দেখা যায়, ডাকাতিয়ার বুকে চৌচির নদীর তলদেশ। আবার কোথাও কোথাও ডাকাতি করে মাটিও কেটে নেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে কল-কারখানার দূষিত বর্জ্য ও আবর্জনা ফেলে বিষাক্ত করে তোলা হচ্ছে। নদী তীরের আশে-পাশের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা ফেলার কারণে পানি দূষিত হয়ে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়ে নানা রোগ ব্যাধি ছড়াচ্ছে। আর্শিবাদপুষ্ট নদীটির সুফল বঞ্চিত হচ্ছে দু-পাশের কৃষক, ব্যবসায়ীসহ ভ্রমণ পিপাসুরা। অনেকস্থানে সংকোচিত হয়ে সরু খালে রূপ নিয়েছে। শুকনো মৌসুমে পানি থাকে না। অধিকাংশ এলাকায় বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। খনন ও উচ্ছেদ উদ্যোগের আশ^াস আছে কিন্তু এ ব্যাপারে কোন পদক্ষেপ নেই।
জানা যায়, ডাকাতিয়া ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা কাঁকড়ী নদী থেকে উৎপন্ন হয়ে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ, চাঁদপুরের শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলা অতিক্রম করে চাঁদপুর মেঘনা নদীতে মিলিত হয়েছে। নদীটির ধরণ প্রকৃতি সর্পিলাকার। নদীটির দৈর্ঘ্য ২০৭ কিলোমিটার, প্রস্থ ৬৭ মিটার (প্রায় ২২০ ফুট)। বর্তমানে নাব্যতা হারিয়ে পানি শূন্য হওয়ায় কৃষকদের ইরি, বোরো ফসলসহ রবি শস্য উৎপাদনে হিমশিম খেতে হচ্ছে। চলমান ইরি-বোরো মওসুমে পানির চাহিদা বৃদ্ধি থাকে। তখন পানির জন্য এ অঞ্চলের কৃষকদের মধ্যে হাহাকার পড়ে যায়। এ অঞ্চলের উৎপাদনযোগ্য প্রায় ২০ হাজার একর কৃষি জমিতে ৬/৭ মাসের ফসল দিয়েই নিজেদের চাহিদা মিটিয়ে পুরো বছর পার করেও বাইরের জেলায় সরবরাহ করা হতো। আবার নদীতে মাছ শিকারী জেলে ও নৌকা বেয়ে মাঝি-মাল্লাসহ জীবিকা নির্বাহকারীদের অনেকেই পৈত্রিক পেশা ছেড়ে অন্য পেশায় ঝুঁকেছেন।
ডাকাতিয়া নদী দিয়ে একসময় মগ-ফিরিঙ্গি জলদস্যুরা নোয়াখালী ও কুমিল্লা জেলায় প্রবেশ করত এবং নদীতে ডাকাতি করত। ডাকাতের উৎপাতের কারণে নদীটির নাম ডাকাতিয়া হয়েছে বলে ধারণা করা হয়। আবার কারো কারো মতে, ডাকাতিয়া নদীর করাল গ্রাসে দুই পাড়ের মানুষ সর্বস্ব হারাত। জীবন বাঁচাতে ডাকাতিয়া পাড়ি দিতে গিয়ে বহু মানুষের সলিলসমাধি রচিত হয়েছে। ডাকাতের মতো সর্বগ্রাসী বলে এর নামকরণ হয়েছে ডাকাতিয়া নদী।
নদীটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের। ২০৭ কিলোমিটার দীর্ঘ নদীটির কোথাও বর্তমানে ২২০ ফুট প্রস্থ খুঁজে পাওয়া যায় না। দখল হতে হতে নদীটি তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে বললেই চলে। এ নদীর শাখা খালগুলোর মধ্যে চালিতাতলি, কার্জন খাল, বেরুলা খাল এবং ঘাগৈর খাল অন্যতম, যেগুলোও অবৈধ দখলে অস্তিত্ব হারিয়েছে ইতিমধ্যে।
লাকসাম পৌরসভার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ডাকাতিয়া নদীর পাড়ে জন্ম হওয়ায় কত স্মৃতি জমে আছে। একসময় এই অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম ছিল নৌপথ। ওই সময় বিভিন্ন পন্যবাহী বড় বড় জাহাজ ও লঞ্চ এই নদীপথে চলাচল করত। নৌ যোগাযোগের সুবিধার কারণে শাহরাস্তি, হাজীগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ আশপাশের জেলা ও উপজেলার লোকজন লাকসামে এসে বাণিজ্য করত। এছাড়া ছিল দেশি মাছের প্রাচুর্য। কয়েক হাজার জেলে এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। বর্তমানে প্রভাবশালীরা নদীটি দখল করে নিচ্ছে। এ বিষয়ে দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। না হয় একসময় ডাকাতিয়া নদীর অস্তিত্ব কেবল নামেই সীমাবদ্ধ থাকবে আর খুঁজে পাওয়া যাবে না নদীটি।
পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, এ বিষয়ে অদ্যবদি পর্যন্ত কোন পদক্ষেপ নেই। তবে আপনাদের কাছ থেকে যখন খবর পেয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের টিম সরাসরি পরিদর্শন করবে এবং নব্যতা ও দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম