শীতের আগমনে কাঁথা সেলাইয়ের কাজে ব্যস্ত থাকেন গ্রামাঞ্চলের কিশোরী ও বধূরা। গ্রামবাংলার ঐতিহ্যে মিশে আছে প্রাচীন শিল্পকলার নিদর্শন এই শিল্পটি। আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই নকশি কাঁথা। এ যেন এক লোকায়ত শিল্প নিদর্শনের মূর্ত প্রতিক। অনুপম শিল্প মাধুর্যের বাস্তব রুপ নকশি কাথাঁ। কিন্তু কালের বিবর্তনে আজ প্রায় হারিয়ে যেতে বসেছে এই শিল্পটি।
দিনাজপুর বিরামপুরের পশ্চিম চকপাড়ায় গৃহবধূরা একত্রিত হয়ে মনের মাধুরী দিয়ে নকশি কাঁথা সেলাইয়ে ব্যস্ত সময় পার করছেন। পুরাতন বস্ত্র দিয়ে প্রস্তুতকৃত রঙ-বেরঙের সুতা দিয়ে সুনিপুণ হাতে গড়া গ্রাম-বাংলার নান্দনিক রুপ-রস ও বর্ণ-বৈচিত্রে ভরা এই নকশি কাঁথা। যে শিল্পে মুগ্ধ হয়ে পল্লীকবি জসীমউদ্দীন রচনা করেছেন তার অনবদ্য কাব্যগ্রন্থ ‘নকশি কাঁথার মাঠ’। শুধু তাই নয়, এ শিল্পের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে আমাদের আর্থ-সামাজিক কর্মকাণ্ড।
কিন্তু বর্তমান সময়ের আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে হাতের সেলাইয়ে গড়া এই নকশি কাঁথার ঐতিহ্য। বড় বড় কারখানায় তৈরিকৃত দেশি-বিদেশি রঙ-বেরঙের রেডিমেট কাঁথা-কম্বলের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম-বাংলার এই দেশীয় শিল্পটি।
একসময় দেখা যেত বিভিন্ন গ্রাম-গঞ্জের হাটে-বাজারে ও শহরের পাড়া-মহল্লার ওলিতে-গলিতে সাইকেলের পেছনে বেঁধে অথবা ভার বয়ে সারাদিন ঘুরে ঘুরে বিক্রি করতেন শীত মৌসুমের ব্যবসায়ীরা। কালের বিবর্তনে আজকাল আর চোখে পড়ে না এসব দৃশ্য।
একটা সময় এই হস্তশিল্প দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ব্যাপক সুনাম করেছিল। জাপান, আমেরিকা, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, সুইডেন, নরওয়ে, জর্মানি ও ইতালিসহ বিভিন্ন দেশে এর চাহিদা ছিল ব্যাপক। কিন্তু সময়ের ব্যবধানে আধুনিক যুগের প্রযুক্তির ভিড়ে রেডিমেটের জগতে হারিয়ে যেতে বসেছে সেসব ঐতিহ্য।
অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে উৎপাদন, আয় বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান তৈরির ক্ষেত্র হিসেবে এই খাতের অমিত সম্ভাবনা রয়েছে। এই খাতকে আরো বিকোশিত করার লক্ষে সংশ্লিষ্ট কারুশিল্পিদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ জন্য সকল সরকারি-বেসরকারি সংস্থা ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পশ্চিম চকপাড়া গ্রামের আলেয়া বেগম জানান, একসময় বিশেষ করে অবসর সময়ে আমাদের মা, চাচী, দাদিরা একত্রিত হয়ে পুরাতন কাপড় দিয়ে নকশি কাঁথা সেলাই করত। এখন আর সেই দৃশ্য দেখা যায় না। এই কাঁথা সেলাইয়ের কাজ গ্রাম বাংলার সংস্কৃতি।
দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, নকশি কাঁথা সেলাই বাঙালি বধূদের সংস্কৃতি। সেই বাঙালির ঐহিত্য আজ দিন দিন হারিয়ে যাচ্ছে। নকশি কাঁথার সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে সহজ ঋণের ব্যবস্থা করা হবে।
Leave a Reply