নকশী বার্তা ডেস্ক :
বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। গতকাল (২৩ জানুয়ারী) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার থেকে ১৪৪৪ হিজরি সালের রজব মাস গণনা শুরু হবে। পবিত্র শবেমেরাজ পালিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি (২৬ রজব) শনিবার দিনগত রাতে।
ওইদিন সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।
‘শবেমেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। ২৬ রজব দিনগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহতায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। তাই শবেমেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ মূল্যবান রাত কাটান।
শবেমেরাজের দিন বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।
Leave a Reply