লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
দীর্ঘ ১৬বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লাকসাম পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২আগষ্ট) সন্ধ্যায় লাকসাম পৌর অডিটরিয়ামে আয়োজিত সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানুকে হারিয়ে আলহাজ্ব মজির আহমেদ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এ অঙ্গীকার নিয়ে দিনব্যাপী সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প-বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম।
এর আগে ১৪ আগষ্ট লাকসাম উপজেলা বিএনপির সভাপতি হিসেবে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম ও সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, সহ-সাংগঠনিক সম্পাদক টিআর হারুন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বরক ছিদ্দিক ভূইয়া মিল্টন নির্বাচত হয়েছেন।
লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসেম মানুর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা মিয়া, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী, নজরুল হক ভুঁইয়া স্বপন প্রমুখ।
সম্মলনে বক্তারা বলেন, সংস্কারের নামে কেউ জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে চাইলে দেশের জনগণ তা মেনে নিবে না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাঁর বর্ণিল রাজনৈতিক জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোন অন্যায়ের সাথে আপোষ করা হবে না। বিএনপি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। আজ আপনারা যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। তৃণমূলের নেতাকর্মীদের পাশে রেখে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ আমরাই গড়বো।
তারা আরো বলেন, রাজনীতি করতে হবে সেবা করার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে, এমন ভাব থেকে সরে আসতে হবে। ইনকাম করার জন্য রাজনীতি করা যাবে না। ৫ আগস্টের পর জিয়াউর রহমানের স্বপ্ন লালন করে খালেদা জিয়ার মতো আপসহীনভাবে কাজ করার চিন্তা করছেন তারেক রহমান। তিনি আমাদেরকে নতুন ধারার রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দেবেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা। তার কথা ভুলে যাওয়া যাবে না।
Leave a Reply