ছবি : সংগৃহীত।

নকশী বার্তা
কেউ কেউ পরাজয়ের আশঙ্কায় বাঁকা পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নির্বাচনে কারও গায়ের জোর দেখানো উচিত নয়। প্রয়োজনে ভোটারদের কাছে গিয়ে প্রার্থীদের ভোট চাইতে হবে।’
চাঁদাবাজদের চিহ্নিত করা এবং এলাকার বিভিন্ন সমস্যা সরাসরি জানানোর জন্য জাতীয়ভাবে দুইটি সফটওয়্যার (অ্যাপ) চালু করা হবে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে অভিযোগকারী যেমন নিরাপদ থাকবেন, তেমনি চাঁদাবাজরাও বুঝতে পারবে না—কিন্তু সবকিছু রেকর্ড হবে এবং অভিযোগ যথাযথ স্থানে পৌঁছে যাবে।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনপ্রতিনিধিদের প্রতি ছয় মাস অন্তর জনগণের মুখোমুখি করা হবে। জনগণ সরাসরি জানতে চাইবে কেন তাদের সমস্যা সমাধান হয়নি এবং জনপ্রতিনিধিদের সে প্রশ্নের জবাব দিতে হবে।’ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিনিধিকে বরখাস্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী কোনো দলের বিজয় নয়, জনগণের বিজয় চায়। ক্ষমতায় গেলে যদি কোনো এলাকায় জলাবদ্ধতা, খোলা ড্রেন বা নদী ময়লার ভাগাড়ে পরিণত হয়, তাহলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে বছরে চারবার ওই নদীর পানতে গোসল করানো হবে।’
কওমি মাদ্রাসাগুলোর অবহেলার প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমীর বলেন, ‘যুগ যুগ ধরে সব সরকার কওমি মাদ্রাসাগুলোর প্রতি অবহেলা করেছে। অথচ তারা দেশের নাগরিক এবং ট্যাক্স দেয়। কওমি মাদ্রাসার দায়িত্বশীলদের সঙ্গে বসে তাদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করার জন্য যা যা করা লাগে তা তা করবো।’
নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে সকল জায়গায় নারীরা অংশগ্রহণ করবেন। কর্মক্ষেত্রসহ চলাচলে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবো। আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে মহিলাদের নিরাপদে চলাচলের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করবো। সরকারি যে সকল ডাবল ডেকার বাস আছে, সেটার নিচতলা তাদের জন্য ব্যবস্থা করা হবে। কারণ ওপরে উঠতে তাদের কষ্ট হয়।’

Leave a Reply