বিশেষ প্রতিনিধি, লাকসাম:
আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনকে ঘিরে ১নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। গণসংযোগ, সামাজিক কর্মকাণ্ড এবং নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উপস্থিতির মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন লাকসাম পৌরসভা যুবদলের ত্যাগী ও সক্রিয় সদস্য মোঃ আব্দুস সালাম। ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের দাবির মুখে তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘদিন ধরে এলাকার তরুণ সমাজকে সুসংগঠিত করা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকে মোঃ আব্দুস সালাম ওয়ার্ডজুড়ে একটি নিজস্ব বলয় ও বিপুল জনপ্রিয়তা তৈরি করেছেন। দলীয় নীতি ও আদর্শে অটল থেকে তিনি দীর্ঘদিন ধরে লাকসাম পৌরসভা যুবদলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
স্থানীয় বাসিন্দাদের মতে, ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য একজন সৎ, নির্ভীক ও তরুণ নেতৃত্বের প্রয়োজন। সেই জায়গা থেকে মোঃ আব্দুস সালামই সাধারণ মানুষের প্রথম পছন্দ।
নির্বাচনী ভাবনার বিষয়ে মোঃ আব্দুস সালাম বলেন, “আমি পদের জন্য রাজনীতি করি না, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। ১নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে এলাকাকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার মুরুব্বি, তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে আমি সততা ও নিষ্ঠার সাথে ওয়ার্ডবাসীর কল্যাণে আত্মনিয়োগ করব।”
ইতোমধ্যেই তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন। সাধারণ মানুষের কাছ থেকেও পাচ্ছেন ব্যাপক সাড়া ও সমর্থন। ১নং ওয়ার্ডের সচেতন মহল মনে করছেন, তরুণ এই যুবদল নেতা প্রার্থী হলে নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন এবং বিজয়ের সম্ভাবনাও থাকবে সুপ্রসন্ন।

Leave a Reply