লাকসামে ভরাটকৃত শতবর্ষী পুকুরে ভ্র্যাম্যমান আদালতের অভিযান। ছবি : নকশী বার্তা।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌর শহরের একটি শতবর্ষী পুকুর রাতের আঁধারে ভরাট করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভরাটকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রির ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানায়, লাকসাম -শ্রীয়াং রোডের পশ্চিমগাও জোড়পুকুরের পূর্ব পাশের শতবর্ষী বিশাল পুকুরটি রাতের আঁধারে ভরাট করে ফেলে একটি প্রভাবশালী চক্র। রোববার (১০ মে) সন্ধ্যার পর খবর পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সত্যতা পায়। অভিযানকালে ভরাটকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে ভরাটকৃত পুকুরের কয়েক লাখ টাকার বালু নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা, থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে লাকসাম উপজেলা ও পৌরসভা এলাকায় পুকুর, খাল, নালা ও ডোবা ভরাটের প্রতিযোগিতা চলছে। কিছু অসাধু চক্রের কর্মকাণ্ডে খাল ও নালা ভরাট হওয়ার ফলে সামান্য বৃষ্টিতেই পৌরসভা ও উপজেলাগুলোতে তীব্র জলাবদ্ধতা দেখা দিচ্ছে, যা জনজীবন বিপর্যস্ত করছে। পুকুর ও ডোবা ভরাট করার ফলে স্থানীয় বাস্তুসংস্থান ধ্বংস হচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং অগ্নি নির্বাপণের পানির উৎস হারিয়ে যাচ্ছে। পুকুর ডোবা জলাশয় ভরাট ও নির্বিচার বৃক্ষ নিধনের কারণে প্রকৃতির চরম বৈরী আচরণের শিকার হচ্ছে লাকসাম। তার ওপর রয়েছে বায়ু দূষণের খড়গ। বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা-বিপত্তি থাকলেও কোনো ভাবেই থামছে না পুকুর-ডোবা ভরাট। এতে দিন দিন লাকসাম পৌরশহর জলাশয় শূন্য হতে চলেছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা সাংবাদিকদের জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর, ডোবা-নালা, খাল জলাশয় ভরাটের বিষয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে অপরাধী যেই হোক কোন ছাড় দেয়া হবে না।
Leave a Reply