গহীন রাত্তিরে যেন সন্ধ্যেটা হামাগুড়ি দিচ্ছে
আমার চোখে কোন ঘুম নেই
প্রচণ্ড তৃষ্ণা আমার একটু ভালো থাকার
বুকের রক্ত গড়িয়ে পড়ছে..
তাতে নোনা জলের বাঁধ দিয়ে আটকে রাখার এক বৃথা চেষ্টা।
প্রচণ্ড তৃষ্ণা আমার ভালোবাসার এক ছবি আঁকার
তাতে কিছু চোখ, কিছু মুখ, কিছু প্রিয়জন
তুলির আঁচড়ে কেবল আঁকিবুঁকি করি
নক্ষত্র খসার মতো রঙগুলো খসে পড়ে
ধরে রাখতে পারিনা বাহুর জোড়ে।
প্রচণ্ড তৃষ্ণা আমার আপনাকে কাছে রাখার
এক অশরীরী শরীর আপনাকে বেছে নিলো
কত শরীর যে তার চাই আমি জানিনা…
এক এক করে তার পছন্দ মতো গলা চেপে ধরছে।
প্রচণ্ড তৃষ্ণা এক পৃথিবীর সবটুকু অক্সিজেন আপনার ফুসফুসে ঢালি…
জানেন তো অক্সিজেনও এখন অনেকের হাতে বন্দী…
আপনাকে কিছুতেই দেয়া গেলোনা।
প্রচণ্ড তৃষ্ণা আমার আর একটা ফোন কল পাবার
কেউ বলুক, কি খবর কবি সাহেবা?
প্রিয় মানুষগুলো নিজের প্রতি বেশ উদাসীন হয়
কেন যে নিজেকে ফিট রাখতে পারলেন না
ফিটনেসের অভাবেই এই যুদ্ধটা আর জয় করা গেলোনা।
আর পারছিনা, চিৎকার করে পৃথিবীকে জানান দিতে ইচ্ছে হচ্ছে…
শুধুমাত্র মমতায় কাউকে বাঁচিয়ে রাখা যায়না
বাঁচাতে হলে চাই অক্সিজেন…
একটুখানি বিশুদ্ধ অক্সিজেন পাবার তৃষ্ণা আমাকে
কতটা অসহায় করেছে…
আপনার হীম শীতল শরীরটাও আমার দেখা হলোনা।
ঘুমিয়ে পড়া আপনাকে ঠিক কেমন লাগছে?
আপনার এই ঘুমে অনেকের চোখেই কেবল আগুন ঝড়ছে…
সকল স্মৃতির বোঝা আমাদের দিয়ে চলে গেলেন
ওপারে ভালো থাকুন
অনেক ভালো।
Leave a Reply