কোনো কিছুই ফেলনা নয়। যেমন পাখির পালক। অনেকদিন ধরেই ফ্যাশন উপকরণ হিসেবে পাখির পালক ব্যবহৃত হচ্ছে। এক সময় পালকের হেডড্রেস আভিজাত্যের প্রতীক ছিল। বার্লিনের হাইকে বুখফেল্ডার পাখির পালক দিয়ে তৈরি করেন চমৎকার সব ল্যাম্পশেড।
তিনি বলেন, ‘পাখির পালক নিজেই একটা সুন্দর জিনিস। প্রকৃতি একে বানিয়েছে। এর শেষপ্রান্তটা ওড়ার সময় স্টিয়ারিংয়ের কাজ করে। আর মাঝের শক্ত কাঠিটা গতি বাড়ায়। এছাড়া এটা কোনো কিছুকে ধরে রাখতেও সাহায্য করে। ফলে কিছু বানানোর জন্য দারুণ এক উপকরণ হচ্ছে পালক।’
বাতিতে শেড হিসেবে হাঁস-মুরগির পালক ব্যবহার করেন বুখফেল্ডার। সব কাজ হাতেই করেন। খুব যত্ন নিয়ে করতে হয়। সবচেয়ে বড় শেডটি তৈরি করতে চার হাজার পালক লেগেছে। সময় লেগেছে প্রায় সপ্তাহ খানেক।
হঠাৎ করেই পালক দিয়ে কাজ শুরু করেছিলেন তিনি।তিনি বলেন, ‘পালকের মধ্য দিয়ে আলো দেখতে যে কত সুন্দর দেখায়, তা এক বন্ধুর বাসায় দেখেছিলাম। সেদিনই আমার মাথায় এই আইডিয়া আসে। পরে তোশকের দোকান থেকে পালক নিয়ে কাজ শুরু করেছিলাম। এখন পালকের দোকান থেকেই সেগুলো কিনি।’
বুখফেল্ডারের কাজও মিউজিয়ামের প্রদর্শনীতে স্থান পেয়েছে। সারা বিশ্বে লাইট বিক্রি করেন তিনি। বুখফেল্ডার বলেন, ‘অনেকের প্রথমেই পশুদের কথা মনে আসে। এছাড়া এসব একেবারেই পছন্দ করেন না, এমন মানুষও আছে। আবার একটি বাতির সামনে দাঁড়িয়ে খুবই ইমপ্রেসড হয়েছেন, এমন দর্শকও আমি দেখেছি।’
১৫ বছর ধরে বাতি ডিজাইন করছেন বুখফেল্ডার এবং সবসময় জ্যামিতিক আকারে। এত বছর পরও পালক নিয়ে তার আগ্রহ কমেনি। তিনি বলেন, ‘সব সংস্কৃতিতেই পালকের বিশেষ গুরুত্ব আছে। ন্যাটিভ অ্যামেরিকানদের কাছে পালকের হেডড্রেস আভিজাত্যের প্রতীক ছিল। মিউজিয়ামের প্রদর্শনীতেও তা তুলে ধরা হয়েছে। সুতরাং এটা একটা খুব দৃঢ় উপকরণ।’
সন্ধ্যার আগে যখন এমন পালকের বাতি জ্বলে ওঠে তখন মনে ওড়ার স্বপ্ন জাগতেই পারে!
Leave a Reply