নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে ডাকাতিসহ ট্রিপল হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি সহিদ উল্যাহ সহিদকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার শ্রীয়াং দক্ষিণ পাড়ার ইয়াকুব আলীর ছেলে।
১৪ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে নিজ গ্রাম শ্রীয়াং এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, লাকসাম উপজেলার শ্রীয়াং উত্তর পাড়ায় গভীর রাতে পার্শ্ববর্তী রাজাপুর বাজার থেকে ব্যবসা শেষে বাড়ী ফেরার পথে ডাকাতির উদ্দেশ্যে সহিদ উল্যাহ সহিদসহ ঐ তিন ব্যবসায়ীর গতিরোধ করে সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় ডাকাতরা। এসময় ডাকাতদের বাধা দিলে ৩ ব্যবসায়িকে পাশের মাঠে নিয়ে ছুরিকাঘাতে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় নিহতদের স্বজনরা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। আদালত শ্রীয়াং দক্ষিণ পাড়ার ইয়াকুব আলীর ছেলে সহিদ উল্যাহ সহিদসহ দায়ীদেরকে মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন।
ঘটনার পর থেকে সহিদ উল্যাহ সহিদ পলাতক ছিলেন।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, মঙ্গলবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে লাকসাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া, উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক হাবিবুর রহমান তাকে গ্রেফতার করে। বুধবার (১৫ নভেম্বর) সকালে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি সহিদ উল্যাহ সহিদকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply