নকশী বার্তা ডেস্ক :
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনার তৃতীয় দিন সকালেই নৌকা প্রতীকের গণসংযোগে একাত্তর টিভির দুই সাংবাদিককে শারীরিক ভাবে লাঞ্চিত এবং তাদের ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টায় কুমিল্লা স্টেডিয়াম মার্কেটে ঘটনাটি ঘটে।
একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক জানান, বুধবার ২০ ডিসেম্বর সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীক নিয়ে কুমিল্লা সদর আসন থেকে নির্বাচন করা হাজী আকম বাহা উদ্দিন বাহার এমপির কুমিল্লা স্টেডিয়াম মার্কেটে একটি গণসংযোগ ছিল। একাত্তর টিভিতে এই গণসংযোগটি কভার করার জন্য ক্যামেরা পার্সন সাইদুর রহমান সোহাগসহ আমি হাজির হই এবং যথারিতী পেশাগত দায়িত্ব পালন করি। এমপি মহোদয় সংক্ষিপ্ত বক্তব্য শেষে যখন গণসংযোগ শুরু করেন তখন এটি ক্যামেরায় ধারণ করার সময় গণসংযোগ থেকে নৌকার নেতাকর্মীরা আমাদের ক্যামেরা পার্সন সোহাগের উপর অতর্কিত হামলা করে এবং তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আমি এগিয়ে আসলে আমিও লাঞ্চনার শিকার হই। এমপি বাহার অভিযোগ করেন আমি নাকি একাত্তর টিভিতে তার বক্তব্য খন্ডিত ভাবে প্রচার করেছি। এ বিষয়ে আমি আমার অফিসকে অবহিত করেছি। অফিসের সিদ্ধান্ত আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরও জানান, নৌকার প্রধান এজেন্ট মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আতিক উল্লাহ খোকন মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply