ছবি : বেসরকারি ফলাফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী মোঃ আবুল কালাম।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা-৯ আসন (লাকসাম-মনোহরগঞ্জে) বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালাম। বেসরকারিভাবে ১ লাখ ৬৮ হাজার ১০৮টি ভোট পেয়ে জয় লাভ করেছেন তিনি। মোঃ আবুল কালাম জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ছৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকীকে ৫৪হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন।
বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে সব কেন্দ্রের ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১৩৪টি। সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট। তবে এখনো ১১হাজার ১৬৩টি পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হয়নি।
এদিকে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দু-একটি সাধারণ বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি। উৎসবমূখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেউ কেউ দীর্ঘ ১৭বছর পর ভোট দিতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। আবার শেষ বয়সে এসে ভোট দিতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে জেন-জিরা নতুন করে ভোট দিতে পেরে আনন্দে উদ্বেলিত হন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ আসনে দুটি উপজেলা, একটি পৌরসভা ও ১৯ টি ইউনিয়ন নিয়ে কুমিল্লা-৯ সংসদীয় আসন গঠিত। এ আসনে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ২‘শ ৯৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৭৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১জন, পোস্টাল ব্যালটে নিবন্ধিত পুরুষ ভোটার ১০ হাজার, ৪‘শ ৬৯ জন, মহিলা ভোটার ৬‘শ ৯৪ জনসহ মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৫‘শ ৩৫ জন। দুই উপজেলায় ১৩৪ টি কেন্দ্রে ৯৬৪ টি কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, কুমিল্লা-৯ সংসদীয় আসনের সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ভোট গণনা প্রাপ্ত ফলাফলে ৫১.৪২ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

Leave a Reply