ছবি : সংগৃহীত।
নকশী বার্তা :
বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন। তার সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা সংসদীয় কার্যপদ্ধতি বিধি অনুযায়ী স্পিকারকে সহায়তা এবং সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রাষ্ট্রপতি যে ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন, তারা হচ্ছেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ, খুলনা-৩ এর রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ এর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ এর রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।
চিফ হুইপ সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে কয়েকজন হুইপ থাকেন, যারা সবাই সংসদ সদস্য। তাদের প্রধান কাজ সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, নিজ দলের সদস্যদের অধিবেশনে উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট নিশ্চিত করা।
চিফ হুইপ পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন, আর হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। চিফ হুইপের মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা। আর হুইপদের বেতন ৯২ হাজার টাকা। চিফ হুইপ ও হুইপরা মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতই সরকারি বাড়ি ও গাড়ি ছাড়াও একান্ত সচিব (পিএস), সহকারী একান্ত সচিব (এপিএস), ব্যক্তিগত কর্মকর্তা, বাহক, অফিস সহায়ক এবং পাচক পান। এছাড়া পুলিশ সদস্য ও দু’জন গানম্যান সুবিধাও দেওয়া হয় তাদের।
চিফ হুইপ নিয়োগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি জেনেছি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, জাতীয় সংসদে দেখা হবে।’

Leave a Reply