ছবি : লাকসামে অপরিকল্পিত উন্নয়ন ও স্থানীয়দের দখলে নিশ্চিহ্ন বেরুলা খাল।
মোজাম্মেল হক আলম, লাকসাম :
শত বছরের প্রাচীন বেরুলা খালের দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। লাকসাম উপজেলার ফতেপুর গ্রাম থেকে শুরু হয়ে নোয়াখালীর চৌমুহনী গিয়ে মিশেছে খালটি। বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও দখলে হারিয়ে গেছে এ খালটি। এরই মধ্যে অবশিষ্ট অংশও ভরাট হয়ে গেছে। ভরাট করে খালের ওপর দোকান ও বাড়ি বানানো হয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চারলেন নির্মাণ কাজের জন্য খালটির অস্তিত্ব একবারেই বিলুপ্ত। সড়ক সম্প্রসারণ করতে গিয়ে খালটির বেশিরভাগ অংশ ভরাট হরা হয়। বাকি অংশ পাশ^বর্তী যায়গার মালিক ও কিছু অসাধু চক্র পুরো ভরাট করে দখলে নিয়েছে।
লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার অংশে পুরো খাল ভরাট করে ফেলা হয়েছে। এতে ওই এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সেচ সংকটে পড়েছে কৃষি জমি। নষ্ট হয়েছে প্রাকৃতিক মাছের উৎস। খালটি পুরোপুরি ভরাট হয়ে যাওয়ায় কুমিল্লা জেলার লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, নোয়াখালী জেলার সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলার তিন সহস্রাধিক একর কৃষি জমির উৎপাদন বাধাগ্রস্থ হচ্ছে। পাশাপাশি বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ২৪ সালের বন্যায় দীর্ঘদিন পানিবন্দি হয়ে পড়ে ছিলো মনোহরগঞ্জ ও লাকসামের লাখো মানুষ। ওই সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে গেছে এ জনপদের বাসিন্দাদের ঘরবাড়ি, রাস্তাঘাট ও হেক্টরের পর হেক্টর ফসলি জমি। যার মূল কারণ ছিলো বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন, দখল ও ভরাট হয়ে যাওয়া এ অঞ্চলের পানি নিষ্কাশনের পথগুলো। লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার পানি নিষ্কাশনের একমাত্র পথ এ বেরুলা খালটি।

কুমিল্লা দক্ষিণাঞ্চলের জলাবদ্ধতার নেপথ্যে বেরুলা খাল অবৈধভাবে দখল ও ভরাট হয়ে যাওয়াকে মনে করছেন সাধারণ মানুষ। তারা বলছেন, শাখা খাল, জলাধার ও নিম্নাঞ্চল দখল ও ভরাটের কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় পড়ে দিনাতিপাত করে। এখনো প্রাকৃতিক পানি নিষ্কাশন নালাগুলোয় দখলদারিত্ব চলছে। এ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য শাখা খালসহ বেরুলা খালটিকে দখলমুক্ত করে নব্যতা ও পানি নিস্কাশনের ক্ষমতা বাড়াতে হবে।
স্থানীয় সূত্র জানায়, অতীতে এ খাল দিয়ে নৌকা করে নোয়াখালী থেকে লাকসাম দৌলতগঞ্জ বাজারে মালামাল আনা-নেয়া করা হতো। পালতোলা নৌকা করে পার হয়ে যাওয়া মাঝির কণ্ঠের সুর ভেসে আসতো। খাল থেকে পানি নিতে আসা ঘোমটা দেয়া গাঁয়ের বধূরা কান পেতে শুনতেন সে গান। খালের পানিতে মাছ শিকার করে সংসার চালাতেন স্থানীয় জেলেরা। তবে দখলে ও অপরিকল্পিত রাস্তা-ব্রিজ নির্মাণের কারণে খালের নেই কোন অস্তিত্ব। সবচেয়ে বেশি ক্ষতি করা হয়েছে চারলেনের রাস্তার কাজ করতে গিয়ে। রাস্তার উন্নয়নের কাজ করতে গিয়ে খালটি ভরাট করে ফেলা হয়েছে। ফলে সামনের বছরগুলোতে ফসল ফলানো নিয়ে চিন্তিত এই এলাকার কৃষকরা।
বেরুলা খালের সাথে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, নোয়াখালীর সোনাইমুড়ি ও বেগমগঞ্জের বিভিন্ন শাখা খালের সংযোগ রয়েছে। এ খাল ভরাট হয়ে যাওয়ায় বিগত বছরের তুলনায় আরো বেশি বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়ার আশংকা করছেন লাকসাম পৌরসভার ফতেপুর, উত্তকূল, উপজেলার উত্তরদা, আজগরা, গোবিন্দুপুর, মনোহরগঞ্জ উপজেলার খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার ও নোয়াখালী জেলার সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা।
তবে উল্টো চিত্র দেখা যায়, লাকসাম উপজেলার অংশে চন্দনা বাজার এলাকায়। রাস্তা সম্প্রসারণের জন্য এখানে যায়গা অধিগ্রহণে দেরি হওয়ায় চন্দনা বাজার অংশে প্রায় এক কিলোমিটার কাজ এখনো বাকি। লাকসাম থেকে সোনাইমুড়ি পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৮০শতাংশ খাল ভরাট করে চারলেন সম্প্রসারণ করলেও চন্দনা বাজার এলাকায় খাল ভরাট না করে পশ্চিম পাশে মালিকানা ভূমি অধিগ্রহন করে পূর্বের অধিগ্রহনকৃত জায়গা অবৈধভাবে দখল করার প্রক্রিয়ায় ব্যাস্ত রয়েছে ভূমিদস্যু একটি মহল। অভিযোগ উঠেছে সওজ এর নামে রেকর্ডভুক্ত ও নামজারীকৃত প্রায় দেড় একর খালি জায়গা (রাস্তারপুর্ব পাশে) ভরাট না করে চারলেন সড়ক সম্প্রসারণে ঐতিহ্যবাহী বহু পুরনো চন্দনা বাজার বিলুপ্তের পাঁয়তারা করছে ওই অসাধু চক্রটি। সড়কের গতিপথ পরিবর্তন এনে স্থায়ী অস্থায়ী প্রায় শতাধিক স্থাপনা ভেঙ্গে দোকান মালিক ও ব্যবসায়ী, কর্মচারিসহ এতে অন্তত দুই শতাধিক পরিবারের ক্ষতিসাধন করতে উঠে পড়ে লেগেছে তারা। শত বছরের পুরাতন চন্দনা বাজার অধিগ্রহন ও বিলুপ্ত না করে মূলপরিকল্পনা ও নকশা অসুযায়ী চারলেন সড়ক সম্প্রসারণ করারও অনুরোধ জানান এখানকার দোকান মালিক বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।

এতদাঞ্চলের বিশিষ্টজনরা বলেন, শত বছরের প্রচীন এই খালটি ১৯৭৮ সালের দিকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করা হয়। খালটি দিয়ে নোয়াখালী থেকে নৌকা করে লাকসাম দৌলতগঞ্জ বাজারে মালামাল আনা-নেয়া করা হতো। খালটি দখল করে ভরাটের কারণে এলাকার মানুষের বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষাবাদ ব্যাহত হবে। সেচ সংকটে পড়বে ওই এলাকার কৃষি জমি। এতে এ এলাকার মানুষের দুর্ভোগ বাড়বে। খালের উপর অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠার কারণে দেখে বোঝার উপায় নাই যে এখানে একসময় খাল ছিল। ফলে স্বাভাবিক বৃষ্টিতেই তলিয়ে যায় উচুঁ-নিচু স্তরের সড়কগুলো। একটু ঝুম বৃষ্টি হলেই এতদাঞ্চলে নামে সীমাহীন দুর্ভোগ।
তারা আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ঘোষনা এ অঞ্চলের মানুষের মাঝে আশার প্রদীপ হিসেবে দেখা দিয়েছে। সংশ্লিষ্ট দপ্তর প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শতবছরের এ খালটিকে উদ্ধার করে জলাবদ্ধতা থেকে এতদাঞ্চলের মানুষকে রক্ষা করে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, এ বিষয়ে আমি বিস্তারিত জানার পর আপনাদের জানাতে পারবো। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে বিস্তারিত তথ্য তুলে আনতে বলা হয়েছে। এখনো পূনাঙ্গ তথ্য তৈরি হয়নি।
Leave a Reply