ছবি : সাইফান ইসলাম।

নিজস্ব প্রতিনিধি :
মেধা আর পরিশ্রমের জোড়াতালিতে দারুণ এক সাফল্য ছিনিয়ে এনেছে কুমিল্লার লাকসামের খুদে শিক্ষার্থী সাইফান ইসলাম। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে (মেধাতালিকা) বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে সে। উপজেলার ঐতিহ্যবাহী বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।
সাইফান ইসলামের এই সাফল্যের পেছনে রয়েছে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক এক দারুণ মেলবন্ধন। সে কুমিল্লার নাঙ্গলকোট পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খান ও বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা আক্তার সুমি দম্পতির একমাত্র পুত্রসন্তান। কেবল বাবা-মাই নন, সাইফানের এই সাফল্যে আনন্দিত তার নানাবাড়িও। সে লাকসামের আজগরা ইউনিয়নের নাওটি গ্রামের সুপরিচিত ব্যক্তিত্ব মাস্টার ইয়াছিন খানের নাতি। বর্তমানে মেধাবী এই শিক্ষার্থী লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে।
সাইফান ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়। নিজের এই অসাধারণ সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সে বলে: “আমার এই ফলাফলের পেছনে সবচেয়ে বড় অবদান আমার শিক্ষক ও মা-বাবার। তাঁদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা ছাড়া আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আমি সবার কাছে কৃতজ্ঞ।” ভবিষ্যতে যেন আরও বড় সাফল্য অর্জন করে সে তার স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পারে, সেজন্য দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছে সাইফান। তার এই অনন্য সাফল্যে বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার এবং এলাকায় আনন্দের হাওয়া বইছে।

Leave a Reply