নকশী বার্তা :
বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে আন্তর্জাতিক বাজারে খাদ্যমূল্য সূচক টানা তিন মাস বৃদ্ধি পেয়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ।
এফএওর তথ্যমতে, জুলাইয়ের ১৩০ দশমিক ৮ পয়েন্ট থেকে আগস্টের এই উল্লম্ফন বেশ উদ্বেগজনক। ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও খরা, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘এল নিনো’ আবহাওয়ার প্রবাহ এবং ভূরাজনৈতিক সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটছে। যার সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে শস্য, ভোজ্যতেল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্যের দাম উর্ধ্বমুখী হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্রাজিল, ইউরোপ ও এশিয়ায় বৈরী আবহাওয়ার প্রভাবে সবচেয়ে বেশি বেড়েছে চিনির দাম, যা জুলাইয়ের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি।
এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগরীয় অঞ্চলে শস্য পরিবহন ব্যাহত হওয়া এবং মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনায় সার সরবরাহে সংকট তৈরি হওয়াও এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।
পরিস্থিতি পর্যালোচনা করে এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো জানান, বৈশ্বিক খাদ্যপণ্য বাজারে নতুন করে ঝুঁকি তৈরির সুস্পষ্ট বার্তা মিলছে। জলবায়ুর পরিবর্তন ও বাণিজ্যিক প্রতিবন্ধকতা একসঙ্গে খাদ্য নিরাপত্তার ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।
পাশাপাশি ২০২৬ সালের বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বনির্ধারিত পূর্বাভাস ৩৪ লাখ মেট্রিক টন কমিয়ে ২৯৮ কোটি টনে নির্ধারণ করেছে সংস্থাটি।

Leave a Reply