মারিয়া অনি:
বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতিবছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস হিসেবে উদ্যাপন করে।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০-৯ ডিসেম্বর ১৯৩২) শুধু নারী জাগরণের অগ্রদূতই ছিলেন না, তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক। তাই তার অসামান্য অবদানের কথা স্মরণ করে তার জন্ম ও মৃত্যুদিন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়।
সরকারের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদ্যাপিত হয়। সেইসঙ্গে সমাজের বিশিষ্ট নারীদের তাদের অবদানের জন্য ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়।
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সে সময় সমাজ ছিল নানা রকম কুসংস্কারে নিমজ্জিত। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হয়েও তিনি তখনকার সময়ে নারী জাগরণের বাতিঘররূপে অবতীর্ণ হয়েছিলেন। মূলত স্বামী সাখাওয়াত হোসেনের সার্বিক সহায়তায় তিনি আরও এগিয়ে যান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল, সমাজে নারী ও পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি তার লেখায় তুলে ধরেছিলেন। অবরোধবাসিনী পরাধীন নারীদের হয়ে তিনি আওয়াজ তুলেছিলেন। বেগম রোকেয়ার উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে- ‘মতিচূর’ প্রথম ও দ্বিতীয় খণ্ড, ‘সুলতানার স্বপ্ন’, ‘পদ্মরাগ’, ‘অবরোধবাসিনী’ ইত্যাদি।
তার লেখার মধ্য দিয়ে তিনি নারীশিক্ষার প্রয়োজনীয়তা এবং লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তার রচনা দিয়ে তিনি সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন। ধর্মের নামে নারীর প্রতি যে অবিচার হয়ে থাকে, তা রোধ করতে চেয়েছেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর এই খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারকের মহাপ্রয়াণ ঘটে। বেগম রোকেয়ার আদর্শ, সাহস আর কর্মময় জীবন নারীসমাজের এক অন্তহীন প্রেরণার উৎস।
মারিয়া অনি : শিক্ষার্থী, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সূত্র : যুগান্তর।
Leave a Reply