ছবি : কাল্পনিক।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম পৌরসভায় পারিবারিক কলহের জেরে মইন উদ্দিন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে পৌরসভার ২নং ওয়ার্ডের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাকসাম থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহত মইন উদ্দিন বেলতলা এলাকার বাসিন্দা আবুল হাসেম ও রানু বেগমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মইন উদ্দিনের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। গত প্রায় ছয় মাস ধরে এই বিরোধ ও মানসিক ঝামেলা চরম আকার ধারণ করে বলে এলাকাবাসী জানিয়েছেন। ওইদিন সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মইন উদ্দিনের ছেলে ঘরের ভেতর বাবাকে গলায় ফাঁ/স দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি নিয়ে পুলিশ অধিকতর তদন্ত করছে বলেও জানান তিনি।
Leave a Reply