ছবি : নকশী বার্তা।

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী কারাতে রেফারি ও জাজদের মানোন্নয়ন এবং নতুন বিচারক তৈরির লক্ষ্যে দুই দিনব্যাপী রেফারি/জাজ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৬ ও ২৭ জুন (২০২৬) অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন কুমিল্লার লাকসামের বিশিষ্ট কারাতে প্রশিক্ষক মোঃ হারুন অর রশিদ সুমন। কঠোর ও নিবিড় মূল্যায়ন প্রক্রিয়া শেষে তিনি ‘কাতা জাজ বি’ এবং ‘কুমিতে জাজ বি’ উভয় বিভাগেই সফলতার সাথে উত্তীর্ণ হন।
এই গৌরবময় সাফল্যের মাধ্যমে মোঃ হারুন অর রশিদ সুমন এখন থেকে জাতীয় পর্যায়ের যেকোনো অফিসিয়াল কারাতে প্রতিযোগিতায় রেফারি ও বিচারকের দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যোগ্যতা অর্জন করলেন। তাঁর এই অনন্য অর্জন লাকসামের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে এবং স্থানীয় ক্রীড়ামোদিদের মাঝে আনন্দের বন্যা বয়ে এনেছে।
সুমন এর এই অভাবনীয় সাফল্যে লাকসামের কারাতে অঙ্গনসহ বিভিন্ন মহলে বইছে আনন্দের হাওয়া। তাঁর সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, “হারুন অর রশিদ সুমন তাঁর দক্ষতা ও সততার মাধ্যমে ভবিষ্যতেও কারাতে প্রশিক্ষণ এবং বিচারকার্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। তিনি লাকসামসহ পুরো দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ও নতুন খেলোয়াড় তৈরিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমাদের বিশ্বাস।”
নিজের এই অর্জনে মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোঃ হারুন অর রশিদ সুমন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই অর্জনের পেছনে আমার শ্রদ্ধেয় শিক্ষক, পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের অকুণ্ঠ সমর্থন, দোয়া ও সহযোগিতা ছিল অপরিসীম। সকলের ভালোবাসা ও সহযোগিতাই আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে।” ভবিষ্যতেও যেন সততা ও দক্ষতার সাথে দেশের কারাতে অঙ্গনের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সেজন্য তিনি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

Leave a Reply