ছবি : নকশী বার্তা।

মোঃ হুমায়ুন কবির মানিক:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ডক্টর এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “দেশে আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে। চলমান সংবিধান অনুযায়ী বর্তমান সরকার অবৈধ, তাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে বাংলাদেশের গণমানুষের সাথে চরম প্রতারণা।”
সমাবেশে সভাপতির বক্তব্যে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। এই বিজয় দিবস আমাদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের অনুপ্রেরণা জোগায়।”
উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. ফয়েজুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জয়েন্ট সেক্রেটারী সাইফুল বারী তুহিন ও আবদুল্লাহ আল নোমান, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান উপজেলা যুব বিভাগের সভাপতি মহিন উদ্দিন ও সেক্রেটারী তোফায়েল আহম্মেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ ও সেক্রেটারী জহিরুল ইসলাম, উপজেলা সদর শিবিরের সভাপতি ইয়াকুব হাসান রিফাত ও সেক্রেটারী আবদুল্লাহ আল নোমান, উপজেলা পূর্ব শিবিরের সভাপতি মীর হোসেন ও সেক্রেটারী রাকিব উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।, সমাবেশ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

Leave a Reply