মোজাম্মেল হক আলম :
আলহাজ্ব মোকছেদ আলী। যিনি ছিলেন, ক্ষণজন্মা একজন দানবীর ও শিল্প-কারখানা নির্ভর বিপ্লবের প্রথমকার সময়ের শিল্পযোদ্ধা। জীবদ্দশায় তিনি সৃষ্টি করে গেছেন অসংখ্য শিল্প-কারখানা ও ধর্মীয়সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের শিল্প বিপ্লবের অন্যতম স্বপ্নসারথী প্রভাতী ইন্সুরেরেন্স কোম্পানী লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তিনি। ওইসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে গেছেন তিনি। মানব হিতৈষী, এতদাঞ্চলের আলোকবর্তিকা, ক্ষণজন্মা এ মানুষটি মরেও সবার হৃদয়ে আজোও অমলিন। শ্রদ্ধায়-ভালোবাসায় এখানকার মানুষ এখনও এ গুণী ব্যক্তিত্বকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
এখানকার মানুষ যখন শিক্ষা, বাসস্থান, উন্নত জীবন-যাপন কি; তার দিকে খেয়াল না করে দু’মুঠো ভাতের আশায় সদা উদগ্রীব ছিলো, শিক্ষা কি বা পরবর্তী প্রজন্মে তার কি প্রয়োজনীয়তা তা বুঝার এত দরকার মনে করতো না। সবাই নিজ নিজ ভাবনায় বিভোর ছিলো। তখনও এই অমর পুরুষ মোকছেদ আলী ভাবতেন নিজ এলাকার সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে। তিনি ছিলেন বৃহত্তর লাকসামের আপামর জনতার আশ্রয়স্থল, প্রেরণার কেন্দ্রবিন্দু। আমরণ তিনি নিজেকে সঁপে দিয়েছেন পরকল্যাণে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে নিজ এলাকা ডুরিয়া বিঞ্চুপুরের বাসিন্দাদের জন্য তিনি গড়ে তোলেন আলহাজ¦ জুলফে আলী ও আলহাজ¦ মোমেনা খাতুন এতিমখানা কমপ্লেক্স। শিল্প-প্রতিষ্ঠান ও শিক্ষার প্রসারের পাশাপাশি জনগণের আর্থ সামাজিক উন্নয়নেও তিনি নিরলস ভাবে কাজ করেছিলেন।

মানব হিতৈষী আলহাজ্ব মোকছেদ আলী অসাধারণ মানুষ ছিলেন। তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরতো না। বিশেষ করে সমাজের হত-দরিদ্র মানুষ কিংবা পড়াশুনার ব্যাপারে কেউ গেলে সাহায্যের পাশাপাশি তাদেরকে পরামর্শও দিতেন। শিল্প কারখানা প্রতিষ্ঠা করেই তিনি ক্ষান্ত হননি; নিজের টাকায় অনেক অনেক মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। গোপন দান-সাদকায় তিনি আমাদের এ অঞ্চলে আপামর জনতার কাছে দানবীর হিসেবে পরিচিত। মৃত্যুর ১৯ বছর পরও কুমিল্লার বৃহত্তর লাকসাম উপজেলায় সার্বজনীন ভালোবাসার অমর পুরুষ হয়ে আছেন তিনি। শুধু বৃহত্তর লাকসাম উপজেলাতেই নয়; পরোপকারী আলহাজ্ব মোকছেদ আলীর গগণচুম্বী জনপ্রিয়তা সমগ্র দেশ জুড়ে বিস্তৃত ছিলো।
পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় আলহাজ্ব মোকছোদ আলী। তিনি বৃহত্তর লাকসাম উপজেলা পরিষদের প্রথম সাবেক সফল চেয়ারম্যান। মানব হিতৈষী এ দানবীর ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দেশের শিল্পাঙ্গনে রেখে গেছেন অনবদ্য অবদান। কীর্তিমান এ মানুষের মেধা ও বুদ্ধিমত্তায় গড়া বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানে হাজারো বেকার মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন মানব হিতৈষী, সৎ, কর্মঠ ও সফল শিল্পপতি। আলহাজ মোকছেদ আলী ১৯৫২ সালে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন ডুরিয়া বিঞ্চুপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলহাজ্ব জুলফে আলী ও মায়ের নাম মরহুমা আলহাজ্ব মোমেনা খাতুন। ১৯৭২ সালে মাত্র ২০ বছর বয়সে মোকছোদ আলী ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে তাঁর সততা, একনিষ্ঠতায় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপে রূপান্তিরিত হয়। স্বাধীনতা পরবর্তী শিল্প বিপ্লবের এই মহৎ মানুষ ১৯৯৫ সালে কালচক্র একুশী মেমোরিয়াল স্বর্ণপদক এবং কালচক্র স্বাধীনতা স্বর্ণপদক পুরস্কারের মাধ্যমে তাঁর ব্যাপক সামাজিক সেবার আনুষ্ঠানিক স্বীকৃতি পান।

মরহুম মোকছেদ আলী নাথেরপেটুয়া কলেজ, মান্দারগাঁও হাই স্কুল, লাকসাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠানে অনুদান দিয়েছেন। বৃহত্তর লাকসামের জনপদের মসজিদ-মাদ্রাসা সহ এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে তাঁর অবদান নেই। তিনি গরীব, দুঃখী, কন্যাদায়গ্রস্ত পিতাকে গোপনে আবার কখনও সরাসরি সাহায্যের হাত প্রসারিত করতেন। অনেক গরীব, দুঃখী পরিবারকে তিনি আর্থিক সাহায্যের তালিকা তৈরি করে প্রতি মাসে দান করতেন। মরহুম মোকছেদ আলী মৌকারার পীর ছাহেবের ভক্ত অনুরক্ত ছিলেন। লাকসাম পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে এতদাঞ্চলের মানুষের কথা চিন্তা করে তিনি সকল উন্নয়ন কর্মপরিকল্পনায় জীবনের শেষ অবদি জড়িত ছিলেন। তিনি লাকসামে কিছু স্মৃতি রেখে গেছেন যা তাঁকে অমর করে রেখেছে।
মানব হিতৈষী এই দানবীরের ২৮ এপ্রিল ১৯তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবাষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান ও পারিবারিক আয়োজনে কোরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। দানবীর, মানব হিতৈষী, ক্ষনজন্মা প্রয়াত আলহাজ্ব মোকছেদ আলী ২০০৬ সালের ২৮ এপ্রিল সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান। ওইদিন তাঁর মৃত্যুতে লাকসাম-মনোহরগঞ্জের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মহৎ হৃদয়ের একজন মোকছেদ আলীকে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে সেদিন এ অঞ্চলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা আজোও পূরণ হয়নি। এই দানবীর আজ নেই, তবুও মানুষের হৃদয়ে তিনি আজোও অমলিন।
লেখক : সাংবাদিক।
Leave a Reply