1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ধ্রুবতারা আলহাজ্ব মোকছোদ আলীর স্বপ্নের ফসল দৈনিক ‘রূপালী বাংলাদেশ’

  • প্রকাশকালঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ জন পড়েছেন

ফারুক আল শারাহ:


‘আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’- এ বাণীটি হৃদয়ে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করেন মারা যাওয়ার পরেও তারা স্বীয় কর্মের মাধ্যমে শত বছর ধরে শ্রদ্ধা-ভালোবাসায় মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। আশা জাগানিয়া এমন একজন মানুষ লাকসামের কৃতি সন্তান আলহাজ্ব মোকছোদ আলী। তিনি লাকসামে অসংখ্য তারার মধ্যে এক ধ্রুবতারা। তাঁর জন্মই হয়েছিল যেন মানুষকে দান করার জন্য। জীবদ্দশায় তিনি সবসময় দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যাদের নিতান্তই সাহায্যের প্রয়োজন হতো খোঁজ-খবর নিয়ে তাদের প্রতি তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাঁর এমন মানবিকতা চিরঅম্লান, চিরস্মরণীয়।
পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে-এটাই ধ্রুব সত্য। মাঝে মধ্যে কিছু কিছু মৃত্যু হৃদয়ে রক্তক্ষরণ করে। লাকসামের সাড়া জাগানো দানবীর আলহাজ্ব মোকছোদ আলীর মৃত্যুও তেমনি বৃহত্তর লাকসামবাসীর হৃদয়ে রক্তক্ষরণ করেছে অবিরত। মাত্র ৫৪ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। যে মানুষটি পরের দুঃখ-কষ্ট, ব্যাথা-বেদনায় নিজেকে উজাড় করে দিয়েছেন ক্ষণজন্মা সেই মানুষটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। মোকছোদ আলীর ¯েœহ-ভালোবাসার পরশ যেই পেয়েছে সেই বুঝতে পেরেছে তিনি কেমন উদার মানুষ ছিলেন। সরবে, নিরবে তিনি মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং দুস্থ-অসহায় মানুষকে সাহায্য করেছেন। তাঁর একটি বিশাল মন ছিল। যে মনটি সবসময় সমস্যাগ্রস্ত মানুষের জন্য কাঁদতো। নানা প্রতিবন্ধকতার মধ্যেও মানব সেবায় তিনি ছিলেন এক অগ্রগামী মানুষ। মোকছোদ আলীর মৃত্যুর ১৯ বছর পেরিয়ে গেলেও অনুকরণীয় কর্মের মাধ্যমে তিনি এখনো বেঁচে আছেন লাখো মানুষের হৃদয়ে।


দানবীর আলহাজ্ব মোকছোদ আলী লাকসাম পৌরসভার ডুরিয়া বিষ্ণপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব জুলফে আলী সওদাগর ও মাতার নাম মোমেনা খাতুন। সাত ভাইয়ের মধ্যে মোকছোদ আলী ছিলেন চতুর্থ। তিনি অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজ সেবক, দানবীর, সদা মানবকল্যাণে নিবেদিত এক আন্তঃপ্রাণ মানুষ ছিলেন। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাঁর ব্রত। স্বীয় বুদ্ধিমত্ত্বায় পথচলা তাকে আলোকিত করে তুলেছে। অদম্য তারুণ্যতা, মেধা, প্রজ্ঞা তাকে নিয়ে গেছে সৌভাগ্যের স্বর্ণশিখরে।
আলহাজ্ব মোকছোদ আলী স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। জীবন সংগ্রামের লড়াকু এ ব্যক্তি অনেক চড়াই উৎরাই পেরিয়ে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তারপর থেকে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। যে ব্যবসায় হাত দিয়েছেন সেখানেই অভূতপূর্ব সফলতা এসেছে। একজন প্রতিষ্ঠিত খাঁটি ব্যবসায়ী হিসেবে তাঁর সুনাম ও সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি নিজে শুধু ব্যবসায় সুনাম অর্জন করেছেন তা নয়, তাঁর অনুপ্রেরণায় অনেকে সফল ব্যবসায়ী হয়েছেন। তিনি একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরি করে বহু লোক প্রতিপত্তি লাভ করেছেন। দেশ স্বাধীনের পর যে কয়েকজন সফল ব্যবসায়ী দেশের অর্থনীতিতে ভূমিকা রেখেছেন তাদের মধ্যে তিনি অন্যতম।
নিরলস অধ্যবসায়ের গুণে আলহাজ্ব মোকছোদ আলী অল্প সময়ের মধ্যে অসংখ্য ব্যবসায়িক উদ্যোগ ও উৎপাদন শিল্প স্থাপন করেন এবং ‘ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ নামক একটি উল্লেখযোগ্য গ্রুপ অব কোম্পানি প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত ভাইয়া গ্রুপ আজও টিকে আছে স্ব-মহিমায়। তাঁর সুযোগ্য উত্তরসুরীদের বুদ্ধিদীপ্ততায় ভাইয়া গ্রুপ আজ শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমন্ডলেও আজ বেশ পরিচিত।


সফল শিল্প উদ্যোক্তা আলহাজ্ব মোকছোদ আলী প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ছিল, প্রভাতী ইন্স্যুরেন্স কোং লিমিটেড, নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি, ঢাকা ম্যাচ, দাদা ম্যাচ, সাত্তার ম্যাচ, ইউনিয়ন ম্যাচ, মেট্রো মেকার্স এন্ড ডেভেলপার্স লি. হামিদিয়া অয়েল মিলস লি., ক্রিসেন্ট ইন্ডাষ্ট্রিজ সহ ২৫/৩০টি লিম্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন। তিনি ছিলেন ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করে যান। অসংখ্য কোম্পানী এবং শিল্প পরিচালনার মাধ্যমে তিনি যুবকদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অনবদ্য অবদান রাখেন। দেশের শিল্পাঙ্গনে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সরকার সিআইপি হিসাবে তাকে সম্মানিত করেছে। এছাড়া তিনি এফবিসিসিআই এর সদস্য, বিসিআই এর পরিচালক এবং বাংলাদেশ ম্যাচ ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশনের সভাপতি ছিলেন। তাঁর এমন অসংখ্য অর্জনে ভাইয়া গ্রুপের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
আলহাজ্ব মোকছোদ আলী দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় রাজনৈতিকভাবেও বৃহত্তর লাকসামে (লাকসাম-মনোহরগঞ্জে) অসামান্য অবদান রেখে গেছেন। ১৯৮৬ সালে তিনি লাকসামের প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে তিনি লাকসাম উপজেলাকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করে এবং উন্নয়নের ধারাবাহিকতায় ব্যাপক সুনাম অর্জন করেন। পাশাপাশি অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠায় ও সামগ্রিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখেন। সমাজ ও মানবসেবার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৫ সালে ‘কালচক্র একুশ স্মৃতি স্বর্ণপদক এবং কালচক্র স্বাধীনতা স্বর্ণপদক’ পুরস্কারের অর্জন করেন। এছাড়াও একজন প্রকৃত সমাজ সেবক ও দানবীর হিসেবে তিনি সরকারি, বেসরকারিভাবে বিভিন্ন পুরস্কার লাভ করেন।
আলহাজ্ব মোকছোদ আলী সৌখিন প্রকৃতির মানুষ ছিলেন। ঢাকা শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললেও গ্রামের কাঁদা মাটির টানে নানা ব্যস্ততার মাঝেও তিনি ছুটে আসতেন। জীবনের বেশিরভাগ সময়ই তিনি এলাকায় প্রকৃতির মাঝে কাটিয়েছেন। তিনি যখন লাকসামে আসতেন লোকজন সবসময় তাঁর সাথে থাকত। সময় পেলেই বন্ধু-বান্ধব সহ সাধারণ মানুষের সাথে আড্ডায় মেতে উঠতেন। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সাথে ছিল তাঁর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। তাঁর একটা বিশেষ গুণ ছিল মানুষকে খুব সহজেই আপন করে কাছে টানতে পারতেন। সাধারণ মানুষও সবসময় তাকে আপনজনের মতো ঘিরে রাখতো।
আলহাজ্ব মোকছোদ আলী একজন ন্যায় বিচারক ও প্রগাঢ় চিন্তার মানুষ ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ ন্যায় বিচারক। সঠিক বিচারের প্রশ্নে সবসময় ছিলেন আপোষহীন। কখনো কারো সাথে তিনি উচিৎ কথা বলতে দ্বিধাবোধ করতেন না, সর্বদা স্পষ্ট কথা বলতেন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলস কাজ করেছেন। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন তিনি লাকসাম-মনোহরগঞ্জের সর্বত্র চষে বেড়িয়েছেন। তুমুল জনপ্রিয়তায় তিনি ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রজাপতি মার্কায় নির্বাচন করেছিলেন। নির্বাচনে তিনি পরাজিত হলেও আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীর সাথে সন্তোষজনক ভোট পেয়েছিলেন। সাড়া জাগানো ওই নির্বাচনে পরাজিত হলেও তিনি লাকসাম ছেড়ে যাননি। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনি মানুষের কল্যাণে ছিলেন নিবেদিত। দান করেছেন মুক্তহস্তে উদার মানবিকতায়।
আলহাজ¦ মোকছোদ আলী জীবদ্দশায় একটি পত্রিকা প্রকাশের স্বপ্ন দেখেন। কিন্তু ক্ষণজন্মা এ মানুষটি সেই স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তাঁর সুযোগ্য ছেলে মারুফ সাত্তার আলী রাসেল বাবার স্বপ্নের কথা জানতেন। তিনি বাবার স্বপ্ন পূরণের চিন্তাধারা সবসময় হৃদয়ে ধারণ করতেন। বাবার আদর্শ হৃদয়ে করে মারুফ সাত্তার আলী রাসেল দেশের শিল্পাঙ্গন ও ব্যবসায়িক অঙ্গনে এক সফল নাম। তিনি একের পর ব্যবসা প্রতিষ্ঠা গড়ে তোলে দেশের অর্থনীতিতে অনবদ্য অবদান রেখে চলেছেন। বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি মারুফ সাত্তার আলী রাসেল জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকা প্রকাশনার মাধ্যমে বাবার লালিত স্বপ্ন পূরণ করেছেন। ধ্রুবতারা আলহাজ্ব মোকছোদ আলীর স্বপ্নের ফসল আজকের দৈনিক ‘রূপালী বাংলাদেশ’। বর্তমানে দেশের মিডিয়া অঙ্গনে ‘রূপালী বাংলাদেশ’ একটি আলোচিত দৈনিক। দেশের শীর্ষ দৈনিক পত্রিকা সমূহের সঙ্গে পাল্লা দিয়ে দৈনিক ‘রূপালী বাংলাদেশ’ সাফল্যের পথে এগিয়ে চলেছে। আমরা বৃহত্তর লাকসামবাসী যেভাবে আলহাজ¦ মোকছোদ আলীকে হৃদয় দিয়ে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং স্মরণ করি; তেমনিভাবে দৈনিক ‘রূপালী বাংলাদেশ’ এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকেও তাঁকে মিডিয়াবান্ধব ও দৈনিক ‘রূপালী বাংলাদেশ’ এর স্বপ্নদ্রষ্টা হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে, ভালোবাসতে হবে। আমি জানিনা দৈনিক ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকা অফিসে আলহাজ¦ মোকছোদ আলীর ছবি আছে কিনা তা আমার জানা নেই। যদি না থাকে তাহলে পত্রিকাটির স্বপ্নদ্রষ্টা হিসেবে তাঁর ছবিটি দ্রুত অফিসের দৃষ্টিননন্দন স্থানে লাগানোর অনুরোধ করছি।
আলহাজ্ব মোকছোদ আলী ছিলেন লোভ-লালসার উর্ধ্বে একজন নিরহংকার মানুষ। নিজ জন্মস্থান লাকসামকে মনে-প্রাণে ভালোবাসতেন। তাঁর কাছে যেই যে সাহায্য-সহযোগিতার জন্য এসেছেন সেই হাসি মুখে বিদায় নিয়েছেন। আলহাজ্ব মোকছোদ আলী হতাশাগ্রস্ত মানুষকে দেখিয়েছেন উদ্দীপনার পথ। শিক্ষা ক্ষেত্রে জ্বালিয়েছেন আশার আলো। মোকছোদ আলীর এমন দেশপ্রেম, সমাজ ও মানবকল্যাণ কাজের ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখেছেন তাঁর যোগ্য উত্তরসুরীরা।
আলহাজ্ব মোকছোদ আলী মানবসেবা করতে গিয়ে প্রতিদান হিসেবে লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়েছেন। অর্জন করেছেন প্রকৃত দানবীরের খেতাব। দেশের প্রথম সারির শিল্পপতি হিসেবে তিনি শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বেও যথেষ্ট সুনাম-সুখ্যাতি অর্জন করেছেন।
মানবতা হচ্ছে মানুষের ধর্ম। মানবতা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য সমবেদনা, স্নেহ মমতার নামই মানবতা। নিঃস্বার্থভাবে কল্যাণকর কাজে অংশীদার হওয়ার নাম মানবতা। মানবতায় ধনী-গরীব, আত্মীয়-অনাত্মীয়, স্বধর্মীয়-বিধর্মীয়, কালো-সাদা ভেদাভেদ আসেনা। মানবতা আওয়াজ তুলে সময়ের সাথে। মানবিক মানুষরা স্বপ্ন দেখায় নিজ গুণে। তেমনি সমাজে পিছিয়ে পড়া মানুষদের স্বপ্ন দেখিয়েছেন লাকসামের কিংবদন্তি মানুষ আলহাজ্ব মোকছোদ আলী। তাঁর সামাজিকতা, মানবিকতা ও দানশীলতার জয়ধ্বনি আজও শুনা যায় কবিতার ছন্দে-
মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোকছোদ আলী
মানবতা আর ভালোবাসা
ছন্দ এনেছে প্রাণে,
অসীম করুণা আপন ধারায়
মাধুরী দিয়েছে অকৃপণ দানে।
এই পৃথিবীর বুকে অসংখ্য ফুল ফুটে আর ঝরে। ঝরা ফুলকে কেই-বা মনে রাখে? কিন্তু প্রস্ফুটিত ফুল সকলের মনকে প্রফুল্ল করে তুলে। সেই ফুটন্ত ফুলের সৌরভ যার সুগন্ধে চারদিক সুরভিত হয়ে উঠে। তেমনি আমাদের সমাজে প্রস্ফুটিত ফুলের মতোই চারদিক আলোকিত করা মানব ফুলের নাম আলহাজ্ব মোকছোদ আলী। যিনি জীবদ্দশায় আলোকিত আর মৃত্যুর পর তাঁর মানবীয় গুণাবলীর মাধ্যমে অপরিসীম সুনাম-সুখ্যাতি নিয়ে মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন।
লাকসামের সামাজিক, রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের ধ্রুবতারা আলহাজ্ব মোকছোদ আলী ২০০৬ সালের ২৮ এপ্রিল লাকসামবাসীকে কাঁদিয়ে চিরবিদায় নিয়ে পরপারে পাড়ি জমান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মানবিক এ মানুষটির মৃত্যু শুধু তাঁর পরিবার কিংবা দেশের শিল্পাঙ্গনে শূন্যতা সৃষ্টি করেনি, অসংখ্য-অগণিত দুস্থ-অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষকে হতাশায় নিমজ্জিত করেছে।
আলহাজ্ব মোকছোদ আলীর মৃত্যুর পর তাঁর প্রতিষ্ঠিত শিল্পাঙ্গন ও ব্যবসা প্রতিষ্ঠানে বারবার প্রতিবন্ধকতা এলেও তাঁর পরিবারের সুযোগ্য উত্তরসুরীরা তাঁর আদর্শ হৃদয়ে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠছে একের পর এক শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। সেই সাথে তারা মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোকছোদ আলীর দানশীলতায় উদ্বুদ্ধ হয়ে দেশের যে কোন দূর্যোগে সমস্যাগ্রস্ত মানুষকে সহযোগিতার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উপার্জিত অর্থের বড় একটি অংশ সর্বদা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করে আসছেন। এককথায় আলহাজ্ব মোকছোদ আলীর দানশীলতার অনুকরণীয় দৃষ্টান্তের প্রতীক হয়ে উঠেছে ‘ভাইয়া গ্রুপ’ ও তাঁর পরিবারের সদস্যরা।
মোকছোদ আলী আজ বেঁচে নেই। কিন্তু তাঁর কর্মপ্রতিভা ও দানশীলতার সৌরভ ও গৌরব লাকসামবাসীর হৃদয়ে চিরস্মরনীয় হয়ে আছে। যুগ যুগ ধরে তাঁর সুনাম-সুখ্যাতি প্রজন্ম পরস্পরায় প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করি। মহান আল্লাহ রাব্বুল মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোকছোদ আলীকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। আমিন।


লেখক: নির্বাহী সম্পাদক, সময়ের দর্পণ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম