লাকসাম উপজেলার মনপাল গ্রামে নলুয়া খালের ওপর ভেঙ্গে পড়া ব্রিজ। ছবি : নকশী বার্তা…
নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে নলুয়া খালের ওপরে নির্মিত একটি ব্রিজ দুই মাস ভেঙ্গে পড়ে আছে। ভাঙ্গা ব্রিজটি দেখলে মনে হবে রড সিমেন্টের কঙ্কাল বের হয়ে আছে। এতে চলাচলের দুর্ভোগে পড়েছেন ১০-১২ গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। যাতায়াতের পাশাপশি কৃষি জমিতে ফসল আবাদের উপকরণ এবং ফসলাধি ঘরে তোলা নিয়ে পড়েছেন এখানকার কৃষকরা। আবার মাঝে মাঝে ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
স্থানীয় সূত্র জানায়, ১৯৯৬ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। দুই বছর আগে ব্রিজের ওপর দিয়ে সড়ক নির্মাণ সামগ্রী নিতে রেলিং ভেঙে ফেলা হয়। এতে ব্রিজটি দুর্বল হয়ে পড়ে। দুই মাস আগে ব্রিজের কিছু অংশ ভেঙে পড়ে। এতে ব্রিজের রড দেখা যায়। রেলিং বিহীন ভাঙা ব্রিজটি যেন রড সিমেন্টের কংকাল হয়ে দাঁড়িয়ে আছে। এই ব্রিজের ওপর দিয়ে কৃষ্ণপুর, তপৈয়া, মনপাল, রাজাপুর গ্রামের মানুষ পাশের ষোলদনা, পলকট, মামিশ^র, আতাকরা, দীঘধাইর, নাড়িদিয়াসহ বিভিন্ন গ্রামে যাতায়াত করেন। এছাড়া খিলা গণউদ্যোগ বালিকা বিদ্যালয়, বারাকাতবাগ দাখিল মাদ্রাসা, উত্তরদা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই পথে চলাচল করেন। এবার বোরো মৌসুমে ধান কেটে ভাঙ্গা ব্রিজ দিয়ে বাড়িতে নিতে কৃষকদের চরম দুর্ভোগে পড়তে হয়।
স্থানীয় বাসিন্দা ওবায়দুল হক মজুমদার বলেন, এই ব্রিজের ওপর দিয়ে ১০-১২ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ চলাচল করে। ব্রিজটি ২মাস ধরে ভেঙে পড়ে আছে। এ নিয়ে কর্তৃপক্ষের কোন নজর নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাক্তিদের জানানোর পরেও মেরামতের কোন উদ্যোগ নেই বললেই চলে। এমনিতেই এই ব্রিজটির মেয়াদও শেষ। আমরা ভাঙা ব্রিজটির স্থানে নতুন ব্রিজ স্থাপনের দাবি জানাচ্ছি।
একই এলাকার লতিফুর রহমান খোকন, সামছুল হুদা, অহিদুল ইসলাম বলেন, প্রতিদিন বিভিন্ন রাস্তার কাজের মালামাল পরিবহনকারী ট্রাক্টর, মিনি পিকাপ, ভটভটি চলাচলে এ ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিজের ধারণ ক্ষমতার বেশি লোড করা পরিবহন চলাচলে এ অবস্থা। কে শুনে কার কথা। আমাদের এলাকা কৃষি নির্ভর। এখানে ধান চাষসহ নানান সময় নানাহ রকমের ফসল আবাদ করা হয়। আমাদের কৃষি উপকরণ এ ব্রিজ দিয়ে পরিবহণ করতে হয়। কিন্তু গত দুই মাস তা আর পারছি না। এ ব্রিজটির ভেঙ্গে পড়ায় আমরা এখন চরম বিপদে আছি। অতি দ্রুত ব্রিজটি পূর্ণ নির্মাণ কিংবা মেরামত না করা হলে আমাদের আরো বিপদে পড়তে হবে।
ব্রিজ দিয়ে যাতায়াতকারী বারাকাতবাগ দাখিল মাদ্রাসা শিক্ষার্থী সুমাইয়ার অভিভাবক বলেন, আমাদের কোমলমতি সন্তানেরা মাঝে মাঝে একা মাদ্রাসায় যাতায়াত করে। ভাঙ্গা ব্রিজ দিয়ে চলাচলে যদি কোন দুর্ঘটনা ঘটে আমরা তাদের নিয়ে চিন্তায় থাকি। এটি অতি দ্রুত মেরামত করা প্রয়োজন।
লাকসাম উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান বলেন, মনপালে ব্রিজ ভেঙে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছে ব্রিজটি ভেঙ্গে পড়ার খবর শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply