ছবি : হাজী মোকছেদ আলী টাওয়ার ব্যবসায়ী সমিতির নব-গঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন অন্যান্য ব্যবসায়িবৃন্দরা।
মোজাম্মেল হক আলম, লাকসাম :
কুমিল্লার লাকসামে হাজী মোকছেদ আলী টাওয়ার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে লাকসাম দৌলতগঞ্জ বাজারের হাজী মোকছেদ আলী টাওয়ারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং মার্কেটের সার্বিক শৃঙ্খলা ও ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সমিতির সভাপতি হিসেবে মো. শাহজাহান শেখ এবং বাদল সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মো. ইলিয়াস মাহমুদ তুহিন ও মো. আমান উল্লাহকে সহ-সভাপতি, মো. জাহিরকে সহ-সাধারণ সম্পাদক, মো. শামিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ মো. সাইফুল ইসলামকে কোষাধ্যক্ষ, আব্দুল্লাহ সেলিমকে ধর্ম বিষয়ক সম্পাদক এবং মো. শাওনকে দপ্তর সম্পাদক করা হয়। এছাড়া সমিতির উপদেষ্টা হিসেবে রয়েছেন এটিএম শওকত হোসেন বিপ্লব, মো. জসিম উদ্দিন মজুমদার, মো. মনির হোসেন ও মো. কামাল হোসেন। সমিতির তালিকায় কমিটির মেয়াদকাল অক্টোবর ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত উল্লেখ করা হয়। মার্কেটের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত এবং অন্যান্য সদস্যদের মনোনীত করা হয়েছে বলে জানানো হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে নবগঠিত কমিটির সভাপতি মো. শাহজাহান শেখ বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, মার্কেটের শৃঙ্খলা বজায় রাখা এবং সবার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ব্যবসায়ীদের নিজস্ব মতামত ও পরামর্শকে প্রধান্য দিয়েই সমিতির সকল কার্যক্রম পরিচালিত হবে। ”তিনি মার্কেটের পরিবেশ সুন্দর রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে ক্রেতাদের অহেতুক ডাকাডাকি বন্ধ রাখা, মার্কেট খোলা ও বন্ধের নির্দিষ্ট নিয়ম মেনে চলা, পারস্পরিক আলোচনার মাধ্যমে এসি ব্যবহারের সময় নির্ধারণ এবং কোনো ব্যবসায়ীকে রাজনৈতিকভাবে হেয় না করা।
পরিচিতি সভায় উপস্থিত ব্যবসায়ীরা পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রেখে হাজী মোকছেদ আলী টাওয়ারকে একটি সুসংগঠিত ও সমৃদ্ধ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply