নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার লাকসাম উপজেলার ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে বাইপাসস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রার্থী ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ঘোষিত নৌকার প্রার্থীদের মধ্যে রয়েছেন, বাকই দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল আউয়াল, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাহিদুল ইসলাম সাহিন ও মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর। প্রার্থী ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। সভায় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইউনুস ভুঁইয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের। এ সময় উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply