ছবি : নকশী বার্তা।

আবদুর রউফ, চৌদ্দগ্রাম :
কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তাঁর ভাই ইফাদ হোসেন। উভয়ে পৌর এলাকার গোমারবাড়ির গ্রামের পূর্ব পাড়া মিয়াজী বাড়ির ফল ব্যবসায়ী আবুল খায়েরের সন্তান। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের জেঠা বেলাল হোসেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল নাইমা ও ইফাদ হোসেন রোববার রাত ৯টায় নির্মানাধীন নিজ ঘরের দেয়ালের ভিতরে ইদুরের গর্ত দেখে লাঠি দিয়ে আঘাত করে। এতে তাৎক্ষনিক দেয়াল ভেঙে দুইজনই দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল নাইমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। জান্নাতুল নাইমা চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তাঁর বড় ভাই চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্র ইফাদ হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হওয়ায় বাড়িতে নেয়া হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা বলেন, ‘মাটির দেয়াল চাপায় স্কুল ছাত্রী জান্নাতুল নাইমাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা প্রেরণ করা হয়েছে। শুনেছি, সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। এছাড়া তাঁর ভাই ইফাদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে’।

Leave a Reply