ছবি : বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক।
মোঃ হুমায়ুন কবির মানিকঃকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ইসলামপুর মাঠে ইসলামপুর স্পোর্টিং ক্লাব আয়োজিত প্রিমিয়ার লীগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা হাফেজ শাহ আলম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এছাড়াও খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও এলাকার বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সফিকুর রহমান সফিক বলেন, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। তাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে এলাকা মাদকমুক্ত রাখার জন্য সচেষ্ট হতে হবে।
তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড়দের যোগ্য খেলোয়াড় ও নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে তিনি উপস্থিত ছাত্র ও যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ করার জন্যও আহ্বান জানান।
উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট এলাকায় ক্রীড়া চর্চা বৃদ্ধি ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply