ছবি : নকশী বার্তা।
আবদুর রউফ, চৌদ্দগ্রাম:
কুমিল্লার আলোচিত নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমি (২২) হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে চৌদ্দগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ৭ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী আনাস ও তার পরিবারের সদস্যরা একে অপরের সহায়তায় ও পূর্ব-পরিকল্পিতভাবে গত ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের বায়েজিদ থানাধীন মুরাদপুর শহীদনগরের বাসায় প্রমিকে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলেও এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও বায়েজিদ থানা পুলিশ মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা অবিলম্বে নিহতের ঘাতক স্বামী আনাস, তার বোন, মা ও বন্ধু রিজভীকে গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে অংশ নিয়ে নিহতের বোন সাদিয়া জাহান অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ থানার এসআই রাজিব তাদের কোনো সহযোগিতা করছেন না, বরং আসামিদের পালিয়ে যেতে ও দেশত্যাগে সহায়তা করছেন। চিওড়া ব্লাড ডোনেশনের সভাপতি মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম বাজার কমিটির সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি বেলাল হোসাইন, এনসিপির উপজেলা যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদার এবং পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমনসহ আরও অনেকে। এসময় প্রমির বোন সাজেদা আক্তার পনিকা ও চাচা জাহাঙ্গীর হোসেনও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগরের একটি বাসা থেকে প্রমির মরদেহ উদ্ধার করা হয় এবং নিহতের ময়নাতদন্ত শেষে ১১ এপ্রিল তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের ঝাটিয়ারখীল এলাকায় দাফন সম্পন্ন হয়। এই ঘটনায় নিহতের বড় বোন সাজেদা আক্তার বাদী হয়ে প্রমির স্বামী আবু ছৈয়দ মোহাম্মদ আনাস (২৮), বন্ধু আব্দুল্লাহ আল রিজভী (২৮), শাশুড়ি মারজান বেগম (৪৭) ও ননদ নাসরিন আক্তারকে (৩০) আসামি করে চট্রামের বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply