
নিজস্ব প্রতিনিধি :
মানুষের কল্যাণ ও কৃষকের ভাগ্যোন্নয়নে এক মানবিক উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-০৯ সংসদীয় আসনের সংসদ সদস্য, মোঃ আবুল কালাম। (৩ জুলাই শুক্রবার) মনোহরগঞ্জ উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ করা হয় দুর্যোগাক্রান্তদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ কেজি করে চাল এবং নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আবুল কালাম এমপি। অসহায় মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি প্রান্তিক কৃষকদের উন্নয়নেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয় এ অনুষ্ঠানে।

ওইদিন কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত মানের কৃষি উপকরণ বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এসময় সহায়তা ও উপকরণ বিতরণ শেষে মোঃ আবুল কালাম মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিজে একটি ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম বলেন, পরিবেশ সংরক্ষণ ও একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রত্যেকে যার যার অবস্থান থেকে বেশি বেশি করে বৃক্ষরোপণ করুন।
এসময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এমপির এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply