নকশী বার্তা ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিল প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিনকে নিজের সমর্থক বলে দাবি করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমান।
এদিকে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। সকাল ১০টার দিকে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে পুলিশ থানায় নিয়ে গেছে।
১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসেফ আমবাগান স্কুল কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মাহমুদ উল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। সকাল সাড়ে ৯টার দিকে আধিপত্য বিস্তারের জেরে এই সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আলাউদ্দিন। এ ঘটনার পর ঝাউতলা এলাকায় রেললাইন অবরোধ করে রেখেছেন মাহমুদুরের সমর্থকরা।
ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, কেন্দ্রের ভেতর ভোট চলছে। বাইরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply